মা পদক পেলেন ববিতা: শোনালেন একাকী মাতৃত্ব ও সংগ্রামের গল্প

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা ‘মা পদক ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। মা দিবসের প্রাক্কালে নিজের জীবনের লড়াই, একাকী মাতৃত্ব এবং সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসার এক আবেগঘন গল্প শোনালেন এই রূপালি পর্দার চিরসবুজ নায়িকা। তিনি বলেন, “একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার।”
শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আলী-রূপা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরেণ্য অভিনেতা আবুল হায়াত ববিতার হাতে এই সম্মাননা পদক তুলে দেন। অনুষ্ঠানে ববিতা ছাড়াও অভিনেতা আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি এবং সংগীতশিল্পী রাশেদসহ মোট ১২ জন গুণী ব্যক্তির মাকেও এই পদক প্রদান করা হয়।
স্মৃতিচারণ করতে গিয়ে ববিতা জানান, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি মা হন। ছেলে অনিক ছোট থাকতেই পিতৃহারা হয়। এরপর দীর্ঘ সময় তিনি একাই মা এবং বাবার দ্বৈত ভূমিকা পালন করেছেন। ববিতা বলেন, “অনিক পিতৃহারা হওয়ার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন, পরিবারেরও সম্মতি ছিল। কিন্তু আমি শুধু আমার সন্তানের মাঝেই নিজেকে সঁপে দিয়েছিলাম।”
ছেলে উচ্চশিক্ষার জন্য কানাডায় চলে যাওয়ার সময়টাকে জীবনের সবচেয়ে ‘শূন্য অধ্যায়’ হিসেবে অভিহিত করেন তিনি। তবে সেই শূন্যতা আজ সাফল্যে ভরে উঠেছে। অনিক কানাডার একটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। মাতৃত্বের মহিমা বোঝাতে ববিতা পবিত্র কোরআনের সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, “‘ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা।’ মহান আল্লাহ আমাকে সেই নেয়ামত দিয়েছেন।”
ববিতা জানান, জীবনের বাকি সময়টা তিনি সন্তানের ভালোবাসা নিয়েই কাটিয়ে দিতে চান। তাঁর এই অকপট স্বীকারোক্তি ও সংগ্রামের গল্প অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আপ্লুত করে।

















