পর্যটকদের হয়রানি করায় দুই টিকটকার গ্রেফতার

নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হয়রানির ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করে।
গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের আমিনুল ইসলাম (৩০) এবং তানোর উপজেলার আড়া দিঘী গ্রামের রাসেল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) গ্রিন ভ্যালী পার্কে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন বিকেলে পার্কে ঘুরতে আসা দুই বিদেশি নাগরিককে মেলায় অংশ নেওয়া ১০-১২ জন যুবক ঘিরে ধরে নানা অশ্লীল মন্তব্য করে বিব্রতকর অবস্থায় ফেলে।
ভিডিওতে দেখা যায়, একজন কনটেন্ট ক্রিয়েটর বিদেশি নাগরিকদের লক্ষ্য করে ‘তুমি পর্ন স্টার’ বা ‘মিয়া খলিফার স্বামী’—এমন কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। অভিযুক্ত আমিনুল ইসলাম নিজেই এই ভিডিওটি তাঁর ফেসবুক পেজে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিকদের হয়রানির ঘটনায় গ্রিন ভ্যালী পার্ক কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। এর প্রেক্ষিতে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।







