থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানী ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে অবিলম্বে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার ডিউটি অফিসার, হাজতখানা এবং বিভিন্ন কক্ষের সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। তিনি তাঁদের সমস্যার কথা শোনেন এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, “সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে সেবা দিতে হবে। থানায় আসা কোনো সেবাগ্রহীতা যেন দালালের খপ্পরে না পড়ে, সেটি নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।”
পুলিশের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রমনা থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের পর মন্ত্রী সেবার মান ও পরিবেশ আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন। পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাথে উপস্থিত ছিলেন।
জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনা মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







