লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২৩, আহত ৬৮৩

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৬ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২৩ এবং আহতের সংখ্যা ৬৮৩ জনে পৌঁছেছে। হামলার তীব্রতা বৃদ্ধির সাথে সাথে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ইসরায়েলি নাগরিকদের ওপর পাল্টা সতর্কবার্তা জারি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, উত্তরের সীমান্ত থেকে ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত ইসরায়েলি শহরগুলো থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে হবে।
ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও হিজবুল্লাহর এই সতর্কবার্তার পর হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরগুলো বর্তমানে প্রায় জনশূন্য হয়ে পড়েছে।
বাস্তুচ্যুত অসংখ্য পরিবার এখন খোলা আকাশের নিচে বৈরুতের সমুদ্রসৈকতে আশ্রয় নিয়েছে। যুদ্ধের ভয়াবহতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। সৈকতে আশ্রয় নেওয়া ৬১ বছর বয়সী ইউসুফ তার অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “আপনি বাঁচবেন কি না, সেটা এখন ভাগ্যের ওপর নির্ভর করছে। কেন এই যুদ্ধ?”

















