বাবা নেই বলে বিশ্বকাপ ফেলেই বাড়ি ফিরলেন রিংকু

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ধাক্কা লেগেছে ভারতীয় দলে। মারকুটে ব্যাটার রিংকু সিংয়ের বাবার মৃত্যুর খবরে ভারতীয় শিবিরে শোকের ছায়া নেমেছে। মাথায় আকাশ ভেঙে পড়ার ধকল নিয়ে রিংকু ছুটেছেন বাড়ির পথে।
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, লিভার ক্যান্সারে আক্রান্ত রিংকুর বাবা খানচাঁদ সিং শুক্রবার সকালে মারা যান। তিনি দিল্লির উপকণ্ঠের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাধারণ পরিবারের সন্তান রিংকু। ২০২৩ সালে জাতীয় দলে তার অভিষেকের পর ভাইরাল হয় একটি ভিডিও। এতে দেখা যায়, তার বাবা গ্যাস সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি।
টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে রিংকু দলে ফিরেছিলেন ঠিকই। কিন্তু চেন্নাইয়ের একাদশে আর মাঠে নামা হয়নি। সেদিন মাঠে ভারত ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিল। ৭২ রানে জিম্বাবুয়েকে উড়িয়ে ভারত এখনো বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালের আশা। কিন্তু রিংকুর এই বিশ্বকাপে হয়তো খেলা হলো না।
২৮ বছরের বাঁহাতি এই ব্যাটারকে ক্রিকেট ভক্তরা চেনে ফিনিশার হিসেবে। টি-টোয়েন্টি দলে অভিষেকের আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রিংকু।
রিংকুর শোকের সময় তার পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘রিংকু ও তার পরিবারের জন্য এটি নিঃসন্দেহে খুব কঠিন সময়!’

















