বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসী কর্মীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এর ফলে বর্তমানে মোট ৫টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স প্রবাসীদের সেবায় নিয়োজিত থাকবে, যা মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে পৌঁছাতে সাহায্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক নুর এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে জানান, প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। রেমিট্যান্স যোদ্ধাদের শেষ বিদায় যেন যথাযথ সম্মানের সাথে এবং পরিবারের ওপর আর্থিক চাপ সৃষ্টি না করে সম্পন্ন হয়, সেটিই সরকারের লক্ষ্য।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে কোনো প্রবাসী কর্মীর মরদেহ দেশে আসা মাত্রই দাফন-কাফনের জন্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া তিনি প্রবাসীদের বৈধ পথে বিদেশ যাওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রবাসে গেলে কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ রয়েছে।

















