‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন

ঢাকা শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অবিসংবাদিত তারেক রহমান’ শীর্ষক প্রবন্ধ সংকলনের পাঠ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় ধরে নানাবিধ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সত্য-মিথ্যার জটিল আবর্তের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি উল্লেখ করেন, বহু সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করেই তারেক রহমান আজ এই দৃঢ় অবস্থানে পৌঁছেছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী দিনগুলোতেও তার এই সংগ্রামের ধারা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে নেতৃত্বের মানবিক ও নৈতিক দিকের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, রাজনীতির দর্শন ও আদর্শে মানবিক গুণাবলি অত্যন্ত অপরিহার্য। শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন, নেতৃত্বের নৈতিক স্খলন কী পরিণতি আনতে পারে তা বর্তমান সময় আমাদের শিখিয়ে দিচ্ছে। তারেক রহমানের ব্যক্তিগত গুণাবলিই তাকে সব বাধা অতিক্রমের শক্তি যোগাচ্ছে বলে তিনি অভিমত দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি সুস্থ সংস্কৃতি বিকাশে বইমেলার গুরুত্ব তুলে ধরেন। প্রতিমন্ত্রী জানান, সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় এবার মেলায় কোনো স্টল ভাড়া নেওয়া হয়নি। দেশে বর্তমান মৌলবাদের উত্থান নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক চর্চা বজায় রাখা এবং সাংস্কৃতিক আন্দোলন বেগবান করা অত্যন্ত জরুরি।

















