খালেদা জিয়া ও তারেক রহমানের শাস্তি নিশ্চিত করাই ছিল সাহাবুদ্দিনের প্রধান কাজ: সাংবাদিক নয়ন

ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সাংবাদিক আব্বাস উদ্দিন নয়ন দাবি করেছেন, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দুদকের কমিশনার থাকাকালীন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত ছিলেন। সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুদক কমিশনার হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর প্রধান ‘অ্যাসাইনমেন্ট’ ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা। এছাড়া আরাফাত রহমান কোকোর পাচার করা টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনাও ছিল তার অন্যতম দায়িত্ব।
নয়ন তার পোস্টে আরও উল্লেখ করেন, কমিশনার চুপ্পুর দ্বিতীয় বড় দায়িত্ব ছিল পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগ সরকারকে ‘ক্লিন শিট’ প্রদান করা। মূলত সরকারের ভাবমূর্তি রক্ষায় তিনি এই কাজ সফলভাবে সম্পন্ন করেন।
এসবের পাশাপাশি তৃতীয় অ্যাসাইনমেন্ট হিসেবে তিনি ফখরুদ্দিন-মঈন সরকারের আমলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল দুর্নীতির মামলা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন বলে দাবি করেন ওই সাংবাদিক।
আব্বাস উদ্দিন নয়ন তার পোস্টে মন্তব্য করেন যে, নিয়োগকর্তার দেওয়া সকল দায়িত্ব অত্যন্ত আনুগত্যের সাথে পালন করেছেন জনাব চুপ্পু। তার ভাষ্যমতে, “আমার দেখা সবচেয়ে ওবিডিয়েন্ট (অনুগত) মানুষ তিনি।”

















