জাহানারাকে যৌন হয়রানি করায় নিষিদ্ধ হচ্ছেন মঞ্জু

নারী ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় বিসিবির সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হলেন সাবেক পেসার মঞ্জুরুল ইসলামকে। তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছে বিসিবি।
৪ ফেব্রুয়ারি বিসিবি জানিয়েছিল, জাহানারার সুনির্দিষ্ট চারটি অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক প্রমাণ মিলেছে। এর ১৮ দিন পর বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় তার বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বিসিবি।
এতে বলা হয়, ‘বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা অভিযোগ তদন্তের জন্য বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটির অনুসন্ধানের ভিত্তিতে সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতাধীন সব ধরণের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি এবং/অথবা ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সুপারিশগুলি বিসিবি পর্যালোচনা করছে এবং প্রয়োজন মনে করলে এই প্রতিবেদনের আলোকে আরও বাড়তি ব্যবস্থা গ্রহণ করবে।’
গত নভেম্বরে ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন জাহানারা। নিউজিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ চলার সময় তখনকার নির্বাচক ও ম্যানেজার মঞ্জু তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
মঞ্জু বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলেছেন। বিসিবির কোচ হিসেবেও কাজ করেছেন অনেক দিন। পরে নারী দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
















