জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদে গুরুত্বপূর্ণ অবস্থানে ২১ নারী নেত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে এই নতুন কমিটি গঠন করা হয়। এবারের কমিটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের শক্তিশালী অংশগ্রহণ। মোট ৮৮ সদস্যের এই কর্মপরিষদে এবার ২১ জন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে বিপুল সংখ্যক নারীর এই অন্তর্ভুক্তি দলটির অভ্যন্তরীণ রাজনীতিতে নারী নেতৃত্বের গুরুত্ব ও ক্ষমতায়ন বৃদ্ধির একটি বড় প্রতিফলন। নবগঠিত এই পরিষদে স্থান পাওয়া নারী সদস্যদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, উম্মে নওরিন, ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার ও ইরানী আখতার।
এছাড়াও গুরুত্বপূর্ণ এই পর্ষদে মনোনীত হয়েছেন সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি ও মাহবুবা খাতুন শরীফা। পেশাজীবী হিসেবে আইনজীবী ও চিকিৎসকদের এই তালিকায় রাখা হয়েছে, যা কমিটির গুণগত মানকে আরও সমৃদ্ধ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে, পুরুষ সদস্যদের মধ্যে এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অনেক সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিকরা এই পরিষদে স্থান পেয়েছেন। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দুই বছরের জন্য এই কমিটি দলের কেন্দ্রীয় সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। মূলত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিয়ে এবং অভিজ্ঞ ও নবীনের সমন্বয়ে এই শক্তিশালী কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে।

















