বাধ্যতামূলক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ অন্তত ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় সম্প্রতি এই প্রস্তাব করেছে। এক সরকারি নথির বরাত দিয়ে মার্কিন প্রশাসনের এই পরিকল্পনার কথা জানা গেছে।
ইউএসটিআর-এর প্রস্তাব অনুযায়ী, অভিযুক্ত দেশগুলোর ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। আজ বুধবার (৩ জুন) ভোরে প্রকাশিত ইউএসটিআর-এর এক প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধকরণের আইন কার্যকর করতে ব্যর্থ হওয়ায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান এবং যুক্তরাজ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ, চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশের ওপর ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে মার্কিন প্রশাসনের এই নতুন শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। এটি বর্তমানে জনসাধারণের মতামত এবং পর্যালোচনার অধীনে রয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শেষ পর্যন্ত কার্যকর হলে, সুপ্রিম কোর্টের আরোপিত আইনি সীমাবদ্ধতা এড়িয়ে নতুন করে শুল্ক আরোপের বড় সুযোগ তৈরি হবে ট্রাম্প প্রশাসনের জন্য।