৫০ তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১২ হাজার ৩৮৫ জন

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। মঙ্গলবার বিকেলে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এবার বিসিএসে ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। গত ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭৫৫টি পদে ও ননক্যাডারের ৩৯৫টি পদসহ মোট দুই হাজার ১৫০ পদে নিয়োগের জন্য গত ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চার ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনা বিজ্ঞপ্তিতে তুলে ধরেছিল সরকারি কর্ম কমিশন। পিএসসি বলেছে, আগামী ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হবে; আর ফল প্রকাশের সম্ভাব্য তারিখে নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। এরপর ১০ অগাস্ট থেকে মৌখিক পরীক্ষা নিয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশের পরিকল্পনা করেছে পিএসসি।
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কেন্দ্র পরিবর্তনের কোনও আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে পিএসসি।

















