জ্যোতির্বিজ্ঞানভিত্তিক গণনা অনুযায়ী, চলতি বছরে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এর পরদিন অর্থাৎ ১৯ মার্চ নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আরও উল্লেখ করেন, ১৯ মার্চ (বৃহস্পতিবার) স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে।
স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউমকে দেওয়া এক সাক্ষাৎকারে আল জারওয়ান বলেন, "বৃহস্পতিবার সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। যদি আবহাওয়া এবং দৃশ্যমানতা অনুকূলে থাকে, তবে ওই সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ২০ মার্চ শুক্রবার হবে পহেলা শাওয়াল বা পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন।"
আল জারওয়ান আশা প্রকাশ করেন যে, জ্যোতির্বৈজ্ঞানিক এই নির্দেশনার ভিত্তিতে চলতি বছর অধিকাংশ ইসলামি দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে। এতে করে বিশ্বজুড়ে প্রায় একই সময়ে ঈদ উদযাপনের সুযোগ তৈরি হতে পারে।
তবে জ্যোতির্বিজ্ঞানের এই গণনা সম্ভাব্য তারিখ নির্দেশ করলেও, বরাবরের মতোই চূড়ান্ত ঘোষণা আসবে সরকারি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় রীতি অনুযায়ী খালি চোখে চাঁদ দেখা এবং পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।