২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতি দল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের বন্দরে একটি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মহানগর তাঁতি দলের এক নেতাসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) মদনপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মিতু আক্তার বাদী হয়ে বন্দর থানায় এই মামলাটি করেন।
মামলায় অভিযুক্ত প্রধান আসামিরা হলেন মদনপুর ফুলহর এলাকার এস এম মোমেন (৫০), মো. শফিউল্লাহ (৪০), এস এম বিল্লাল ওরফে টোকাই বিল্লাল (২২), দ্বিপ হোসেন (২৮), আরাফাত (১৮) ও সুজন (১৯)। এর মধ্যে এস এম মোমেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
মামলার বাদী মিতু আক্তার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিবাদীরা বিএনপির পরিচয় ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে। এরই অংশ হিসেবে তারা হাসপাতালের কাছে ২০ লাখ টাকা দাবি করে। চাঁদা না দিলে হাসপাতাল পরিচালনা করতে দেওয়া হবে না বলে প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেন। তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই মিথ্যা মামলা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, চাঁদা দাবির ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

















