শতাব্দীর পর শতাব্দী ধরে খ্রিস্টধর্ম অনুসারীর সংখ্যায় শীর্ষে রয়েছে। কিন্তু সামনের বছরগুলোতে এই চিত্রে বড় পরিবর্তন আসতে পারে। নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যেই ইসলাম ধর্ম খ্রিস্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে। তবে এর পেছনে লাখ লাখ মানুষের ধর্মান্তরিত হওয়া নয়, বরং বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠীর তরুণ বয়স এবং জন্মহার বেশি হওয়াই মূল কারণ। অন্যদিকে, খ্রিস্টধর্মের প্রবৃদ্ধি ধীর এবং ধর্মান্তরের ফলে হারানো মানুষের সংখ্যা নতুন যুক্ত হওয়া মানুষের চেয়ে বেশি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক নতুন গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সাল নাগাদ ইসলাম খ্রিস্টধর্মকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। এর পেছনে বড় একটি জনমিতিক বাস্তবতা কাজ করছে। মূল কারণটি সহজ, মুসলিম জনগোষ্ঠী তুলনামূলক তরুণ এবং তাদের সন্তান জন্মদানের হার বেশি। গবেষণায় দেখা গেছে, মুসলিম নারীদের গড় সন্তান সংখ্যা ৩ দশমিক ১; যা খ্রিস্টান নারীদের গড় ২ দশমিক ৫-এর চেয়ে বেশি, এবং ধর্মহীন নারীদের গড়ের প্রায় দ্বিগুণ। এর ফলে যেমন বেশি শিশু জন্ম নিচ্ছে, তেমনি জনগোষ্ঠীর একটি বড় অংশ সন্তান নেওয়ার মতো তরুণ বয়সে রয়েছে। অর্থাৎ, আগামী কয়েক দশক ধরে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধিতে এই জনমিতিক সুবিধা বড় ভূমিকা রাখবে।
অন্যদিকে, খ্রিস্টধর্ম ভিন্ন চ্যালেঞ্জের মুখে। তাদের জনসংখ্যা ধীরে বাড়ছে, তার ওপর ধর্ম পরিবর্তনের বা ত্যাগের কারণে তারা অনুসারী হারাচ্ছে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ধর্ম পরিবর্তনের ফলে খ্রিস্টধর্ম নিট ১০ কোটি ৫০ লাখ অনুসারী হারাতে পারে, যেখানে ইসলামের ক্ষেত্রে এই নিট ক্ষতি মাত্র ৮০ লাখ।
বিশ্বের ধর্মীয় মানচিত্রে ভৌগোলিক পরিবর্তনও স্পষ্ট। সাব-সাহারান আফ্রিকা খ্রিস্টধর্মের নতুন কেন্দ্র হিসেবে উঠে আসছে। ধারণা করা হচ্ছে, ২০৭০ সালের মধ্যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান জনসংখ্যার দেশে পরিণত হবে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকলেও ধর্মীয় বিন্যাসে পরিবর্তন আসবে। ২০২০ সালে ভারতের জনসংখ্যার ৭৯ শতাংশ হিন্দু থাকলেও ২০৭০ সালে তা কমে ৭৬ শতাংশ হতে পারে, আর মুসলিম জনসংখ্যা ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে পৌঁছাতে পারে; যার পেছনে বয়স ও উর্বরতার হার বড় কারণ। অন্যদিকে, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে পরিণত হতে পারে এবং ভারত উঠে আসতে পারে দ্বিতীয় স্থানে।
এদিকে চীনে বড় জনমিতিক বদল দেখা যাচ্ছে, ২০৭০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা ৪২ কোটিরও বেশি কমতে পারে। বিশ্বে ধর্মহীন মানুষের বড় একটি অংশ চীনে বসবাস করায়, দেশটির জনসংখ্যা কমার সাথে সাথে বৈশ্বিক জনসংখ্যায় এই গোষ্ঠীর হারও কমে আসবে।
বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ প্রতিনিধিত্বকারী ২০১টি দেশ ও অঞ্চল নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। তবে এসব পূর্বাভাস কোনো চূড়ান্ত ভবিষ্যদ্বাণী নয়। যুদ্ধ, অর্থনৈতিক পরিবর্তন কিংবা ব্যক্তিগত বিশ্বাসের রূপান্তর এই হিসাব বদলে দিতে পারে।