একটি প্রযুক্তি, যা মানুষের কাজ সহজ করার জন্য তৈরি করা হয়েছিল, সেটিই কি একদিন মানুষের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠবে? কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এমনই ভয়ংকর আশঙ্কা প্রকাশ করছেন এই প্রযুক্তি তৈরির সঙ্গে যুক্ত গবেষকরা। তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির গতি এতটাই দ্রুত যে আগামী কয়েক বছরের মধ্যেই এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
সম্প্রতি অ্যান্থ্রোপিক এর গবেষক জ্যাকব কক্সিন প্রতিষ্ঠানটি ছেড়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির সঙ্গে যুক্ত অনেক মানুষ আন্তরিকভাবেই বিশ্বাস করেন, এই দশকের শেষ নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই প্রতিষ্ঠানের আরেক গবেষক ইভান হাবিনজার মনে করেন, আগামী দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানববিলুপ্তির ঝুঁকি ১০ শতাংশেরও বেশি।
কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানবজাতির জন্য এত বড় বিপদ হয়ে উঠতে পারে?
গবেষকদের আশঙ্কা, ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু মানুষের নির্দেশ পালন করবে না। এটি নিজে থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে, সাইবার হামলা চালাতে পারবে, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিঘ্ন ঘটাতে পারে, এমনকি জীবাণু অস্ত্র তৈরির মতো ভয়ংকর কাজেও সহায়তা করতে পারে।
সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিজের বুদ্ধিমত্তা বাড়ানোর সক্ষমতা। কয়েক বছর আগেও এটি মানুষের কোডিং কিংবা গবেষণায় সামান্য সহযোগিতা করতো। কিন্তু এখন এটি জটিল প্রোগ্রাম তৈরি, গণিতের সমস্যা সমাধান এবং গবেষণার বিভিন্ন কাজে সক্ষম হয়ে উঠছে।
যদি কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজের উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার কাজই দেওয়া হয়, তাহলে কী ঘটবে?
কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করবে। সেই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা আবার আরও দ্রুত নিজেকে উন্নত করবে। এভাবে মানুষের সরাসরি সাহায্য ছাড়াই বুদ্ধিমত্তা বাড়তে থাকলে তৈরি হতে পারে এক ভয়ংকর পরিস্থিতি, যাকে বলা হয় পুনরাবৃত্ত স্ব-উন্নতি। এই প্রক্রিয়া যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা কতদূর পৌঁছাবে, তা অনুমান করাও কঠিন।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির দৌড়ে নেমেছে। কেউই পিছিয়ে থাকতে চায় না। ফলে একদিকে নিরাপত্তার কথা বলা হচ্ছে, অন্যদিকে দ্রুত আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির প্রতিযোগিতাও থামছে না। সবচেয়ে অস্বস্তির বিষয় হচ্ছে, এই সতর্কবার্তাগুলো বাইরে থেকে আসছে না, বরং সেই মানুষদের কাছ থেকেই আসছে যারা নিজেরাই কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছেন এবং এর ক্ষমতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।
প্রযুক্তি কি মানবসভ্যতার পরবর্তী বিপ্লব হতে যাচ্ছে? নাকি আমরা এমন এক শক্তি তৈরি করছি, যার পরিণতি একদিন আমাদের নিজেদেরই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এর অগ্রগতির গতি দেখে বিজ্ঞানীদের একটি অংশ মনে করছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষের হাতে হয়তো খুব বেশি সময় নেই।