ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনার দীর্ঘ প্রায় ১৬ বছর পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শোবিজ অঙ্গনের সহশিল্পী ও নির্মাতারা। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে প্রভা তার পুরনো সেই বিতর্কিত ও কষ্টদায়ক অভিজ্ঞতার পাশাপাশি পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রল এবং অবিরত হয়রানির বিষয়ে মুখ খোলেন। প্রভার এই সাহসী লাইভের পর থেকেই বিষয়টি নতুন করে বিনোদনপাড়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এবং সবাই তার পাশে এসে দাঁড়িয়েছেন। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে এই জঘন্য অপরাধের প্রধান অভিযুক্ত রাজিব হাসানের বিচার না হওয়াকে কেন্দ্র করে শোবিজ জগতের অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।
এ ঘটনায় শুক্রবার দুপুরে নির্মাতা শিহাব শাহীন রাজিব ও প্রভার বাগদানের একটি পুরনো ছবি শেয়ার করে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘টাইমলাইনে ছবিটা এলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সঙ্গে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, তুমি কীভাবে এই কাজটা করলা? যাকে ভালোবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে-বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা।’ নির্মাতা আরও ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধার করতে।’
নির্মাতার এই পোস্টের পর তরুণ অভিনেত্রী ফারিন খানও বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই অসভ্য ছেলের কেন কোনো শাস্তি হলো না? এত বড় একটা অন্যায় করার পরেও?’ অন্যদিকে, অভিনেত্রী সিনথিয়া তার পোস্টে প্রভার দীর্ঘ লড়াইকে সাধুবাদ জানিয়ে এবং বর্তমান সুশীল সমাজের দ্বিচারিতাকে ইঙ্গিত করে লিখেছেন, ‘প্রভাকে নিয়ে এখন তারকাসমাজ সোচ্চার, তাও ১৫/১৬ বছর পর। কিন্তু এই প্রভাকেই মিডিয়ার প্রডিউসার, ডিরেক্টররা পরে বড় বড় প্রজেক্টে নেয়নি। যারা প্রভাকে নিয়ে এক যুগ পর সুশীল হলো, তারা আবার আগের মতো তাকে কাস্ট করে দেখিয়ে দিক যে প্রভা একজন ভিক্টিম। প্রভা যে সাহসটা দেখিয়েছে এটা এই দেশে দরকার ছিল। প্রভার ১৫/১৬টা বছর লাগল একজন ফাইটার হতে।’
উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কিছুদিন পরই প্রভার সাবেক বাগদত্তা রাজিব হাসানের মাধ্যমে কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই সময় দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হলে ভেঙে যায় অপূর্ব–প্রভার সংসার। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে এই ঘটনা এবং প্রভার পাশে দাঁড়ানো নিয়ে তুমুল আলোচনা চলছে, যেখানে বিনোদন অঙ্গনের সবার একটাই জোরালো দাবি—এত বছর পেরিয়ে গেলেও রাজীবের কেন কোনো বিচার হলো না?