দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস ছড়িয়ে প্রবাসী আয়ে বড় ধরনের লাফ দেখা দিয়েছে। চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ৪১ লাখ ডলার।
বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৩ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। তবে সব রেকর্ড ভেঙে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্সের পরিমাণ ৩০০ কোটি ডলারের ঘর অতিক্রম করেছিল।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা দেশের ইতিহাসে নির্দিষ্ট কোনো অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। চলতি অর্থবছরের বর্তমান গতিধারা অব্যাহত থাকলে সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।