১৩২ জন নতুন সংসদ সদস্য নিয়ে সরকার গঠন করছে বিএনপি

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরছে বিএনপি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এবারের সংসদের সবচেয়ে বড় চমক হলো বিএনপির সংসদীয় দলের গঠন; যেখানে ২৯৭টি আসনের মধ্যে দলটির ১৩২ জন সদস্যই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ, বিএনপির মোট সংসদ সদস্যদের প্রায় ৬৩ শতাংশই এবার নতুন মুখ।
দলের শীর্ষ নেতা তারেক রহমান নিজেও এই প্রথমবারের মতো সংসদে বসতে যাচ্ছেন। তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হয়েছেন। সংসদীয় বিশেষজ্ঞরা এই ঘটনাকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন, কারণ এর আগে সংসদ নেতার দায়িত্ব পালন করা শেখ হাসিনা বা খালেদা জিয়া কেউই প্রথমবার এমপি হয়ে এই পদে বসেননি।
বিশ্লেষকদের মতে, বিএনপির এই বিশাল জয়ের পেছনে পুরোনো নেতৃত্বের বদলে নতুন মুখের ওপর মানুষের আস্থা কাজ করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজাম আহমেদ জানান, নতুন এই বিশাল বহর নিয়ে সংসদ পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সংসদীয় কার্যপ্রণালি বিধি বুঝতে শুরুতে তাদের কিছুটা বেগ পেতে হতে পারে।
তবে নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এস কে তৌফিক এম হক মনে করেন, অভিজ্ঞ রাজনীতিকরা অতীতে সংসদকে কার্যকর করতে ব্যর্থ হয়েছিলেন। তাই এই নতুন নেতৃত্ব পরিবর্তনের সুযোগ তৈরি করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নেতৃত্বে পরিবর্তনের যে দাবি ছিল, বিএনপির এই নতুন এমপিদের আধিক্য তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই বিশাল নতুন বাহিনী নিয়ে বিএনপি আগামী দিনে সংসদীয় বিতর্ক ও সুশাসন নিশ্চিত করতে কতটা সফল হয়।

















