১০ জনের নিউক্যাসলের কাছে হারলো ম্যানইউ

১০ জনের নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে ম্যানইউ।
অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরোর গোলে সমতায় ফেরে ম্যানইউ। কিন্তু শেষ দিকে তাদের পয়েন্ট পাওয়ার আশা গুঁড়িয়ে দেন নিউক্যাসলের উইলিয়াম ওসুলা।
অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের হাত ধরে ম্যানইউয়ের স্বপ্নযাত্রায় বাঁধ সাধলো নিউক্যাসল। প্রিমিয়ার লিগে টানা দুই জয় ও সাত ম্যাচ অপরাজিত থাকার পর হারলো দলটি।
আসরে এই নিয়ে ছয় ম্যাচ হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে তারা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।
এদিন নাটকীয় লড়াইয়ের প্রথমার্ধের বাড়তি সময়ে অনেক ঘটনার সাক্ষী হয়েছেন দর্শকরা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের মিডফিল্ডার জ্যাকব র্যামজি। প্রতিপক্ষে একজন কমে যাওয়ার সুযোগ সফরকারীরা কাজে লাগাবে কী, উল্টো একটু পরই গোল হজম করে তারা।
ডি-বক্সে অ্যান্থনি গর্ডনকে ফাউল করে বসেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। নিজেই সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ইংলিশ উইঙ্গার গর্ডন।
দ্রুতই পাল্টা জবাব দেয় ইউনাইটেড। সেট পিসে ফের্নান্দেসের ক্রসে হেডে সমতা টানেন কাসেমিরো। এটি লিগে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ষষ্ঠ গোল।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে অসাধারণ গোলে ব্যবধান গড়ে দেন পাঁচ মিনিট আগেই গর্ডনের বদলি নামা উইলিয়াম ওসুলা। বাঁকানো শটে গোল করেন ড্যানিশ ফরোয়ার্ড।

















