হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমির খসরু

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত সহকারী জানান, নিউমোনিয়াজনিত শারীরিক অসুস্থতা দেখা দিলে গত শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান মন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কোনো মন্তব্য করেননি। তিনি কেবল জানান যে, মন্ত্রী অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। নতুন সরকার গঠিত হওয়ার পর তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

















