দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৮৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, ৫২৬ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮৩, সিলেটে ১৬৭, বরিশালে ১৩৮, খুলনায় ১০৭, ময়মনসিংহে ৯০, রাজশাহীতে ৩৯ এবং রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। তবে এই ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জনের।
এ সময়ের মধ্যে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৫৬ জন। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।