হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় দুই আওয়ামী লীগ নেতা

কক্সবাজারের রামুতে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই আবেগঘন দৃশ্য দেখা যায়। তারা হলেন—পানেরছড়া গ্রামের ফরিদুল আলম ও মো. ইসমাইল। দুই ভাই-ই দীর্ঘ আড়াই মাস ধরে রাজনৈতিক মামলায় কক্সবাজার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের মা মোস্তফা বেগম (৮০) গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই ভাই প্যারোলে মুক্তির আবেদন করলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। শনিবার সকালে কড়া পুলিশি পাহারায় তারা গ্রামে পৌঁছান এবং বাদ জোহর জানাজায় অংশ নেন।
জানাজা শুরুর আগে দুই ভাইকে হাতকড়া পরা অবস্থায় অঝোরে কাঁদতে দেখা যায়। উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তারা বলেন, তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দি। জীবনের শেষ সময়ে মায়ের সেবা করতে না পারায় তারা গভীর আক্ষেপ প্রকাশ করেন এবং তাদের অসুস্থ বাবা নূর আহমদের জন্য সবার কাছে দোয়া চান। তাদের এমন বিলাপ দেখে উপস্থিত সাধারণ মানুষ ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্বজন ও স্থানীয়দের দাবি, প্রথমে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করা হয়েছিল। সেই মামলায় জামিন পেলেও পরবর্তী সময়ে দক্ষিণ মিঠাছড়ির একটি মামলা এবং মাহিন চৌধুরী হত্যাচেষ্টা মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে এই মামলাগুলোতেই তারা কারাগারে রয়েছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিকটাত্মীয়ের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে নির্দিষ্ট সময়ের জন্য তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে বিকেলেই কড়া পুলিশি পাহারায় তাদের পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

















