হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আল–জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এমন কথা বলেন। বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে আল–জাজিরা।
যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের পক্ষ থেকে প্রধান আলোচকের দায়িত্ব পালন করা গালিবাফ আরও বলেন, ওমান ও ইরান গুরুত্বপূর্ণ এই জলপথের দেখভালের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে তেহরানের উত্থাপিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা করা হয়েছে।
হরমুজে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন এই প্রণালির ক্ষেত্রে খাটবে না, বলে উল্লেখ করেন গালিবাফ।
বাঘের গালিবাফ স্পষ্ট করেন, হরমুজ প্রণালির নিয়মগুলো তীরবর্তী দুই রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত হয়।
ইরানের স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে তেহরান। এতে শান্তি স্থাপনের জন্য সাতটি শর্তের কথা বলা হয়েছে। তেহরান এখন এ বিষয়ে আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে বলেও জানান গালিবাফ। তিনি বলেন, ‘বল এখন আমেরিকার কোর্টে।’
ইরানের পক্ষ থেকে দেওয়া শর্তের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানের জব্দ করা অর্থ ছাড় করা, সবক’টি ফ্রন্টে সংঘাত বন্ধ করা এবং যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া।
গত জুনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আলোচনায় সই হওয়া সমঝোতার অংশ এটি। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এগুলোর বাস্তবায়ন জরুরি বলেও উল্লেখ করেন গালিবাফ।
স্পিকার আরও বলেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত শর্ত না দিলে, অবিশ্বাসের জন্ম দেয়—এমন কোনো আচরণ না করলে, সমঝোতা মেনে চললে, তবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
‘চুক্তি চূড়ান্ত হওয়ার পথে প্রধান বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব,’ বলেন ইরানের স্পিকার। তিনি জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।
স্পিকার ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও একটি পরাজয়ের মুখোমুখি হতে হবে। তাঁকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক চাপে পড়তে হবে।