হয়রানিমূলক ঢালাও মামলা বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর রাজনৈতিক ফায়দা লুটতে এবং হয়রানির উদ্দেশ্যে ঢালাওভাবে মামলা করার কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এসব উদ্দেশ্যপ্রণোদিত মামলা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে এমন অসংখ্য মামলা হয়েছে যেখানে শত শত, এমনকি হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “কিছু সুবিধাবাদী শ্রেণি নিছক হয়রানি করার লক্ষ্যেই এসব মামলা করেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা এগুলো গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করছি।” দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এই ‘মামলাবাজি’ বন্ধ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকারের নতুন উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে করা মামলাগুলো আমরা চিহ্নিত করছি। তবে ঢালাওভাবে সব মামলা প্রত্যাহার করা হবে না। হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের মামলাগুলো এই তালিকার বাইরে রাখা হয়েছে।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমার বিরুদ্ধেও অনেক হত্যা মামলা রয়েছে। এমনকি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাও দেওয়া হয়েছে।” তিনি আশ্বস্ত করেন যে, মামলা প্রত্যাহারের এই প্রক্রিয়ার যেন কোনো ধরনের অপব্যবহার না হয়, সেদিকে সরকার কড়া নজর রাখছে। প্রকৃত অপরাধী যেন পার না পায় এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটিই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।

















