হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির পদযাত্রায় হামলা ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করছে এনসিপির নেতৃবৃন্দ।
হামলায় আহত হয়েছেন সাংবাদিকসহ দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়াও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের টাউন হলের সামনে এ ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন।
এনসিপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, সন্ধ্যায় শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। পরে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়।
অন্যদিকে, ছাত্রদল নেতাদের অভিযোগ করে বলেন, দুপুরে আজমিরীগঞ্জে শহীদ মিনারে সমাবেশে এনসিপি নেতারা বিএনপি নেতাদের নাম উল্লেখ করে ‘গুণ্ডাবাহিনী’ বলে বক্তব্য দেন। এতে ছাত্রদল নেতারা ক্ষুব্ধ হয়ে উঠেন।
সন্ধ্যায় জেলা শহরের টাউন হলে পদযাত্রা শেষে এনসিপি নেতাদের ঘিরে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এনসিপি নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে।
এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও স্থানীয় এনসিপি নেতা মুবিনসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদেরকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।
ওসি জাহিদ হোসেন জানান, ‘এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদলের নেতারা বিক্ষোভ করেন। এতে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে গিয়ে এনসিপির নেতাদের উদ্ধার করে সার্কিট হাউজে পৌঁছে দেই।’