নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মীদের না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার সকাল সাড়ে ৮টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন। হাসপাতালে প্রবেশ করে তিনি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার পরীক্ষা করেন।
রোস্টার অনুযায়ী বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মীকে অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাদের তিরস্কার করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেননি। তিনি যথাযথভাবে দায়িত্ব পালনে তাদেরকে কঠোর নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুত ঠিক আছে কি না, সে বিষয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেন। রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন তিনি।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।