সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল: সিজিএস মাইনুর রহমান, পিএসও মীর মুশফিকুর

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাসদর সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি শীর্ষ পদে পরিবর্তন এনে এই আদেশ জারি করা হয়।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন।
পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়ে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এই নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

















