খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী এসব চিকিৎসাসামগ্রী দেওয়া হয়।
সংশ্লিষ্ট সেনা সূত্র জানায়, পাহাড়ের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই মানবিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আগে গত ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পের প্রথম ধাপে প্রায় ১ হাজার ১০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। সেই ক্যাম্প থেকেই ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয় এবং বাকিদের প্রয়োজনীয় চশমা ও ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
দুর্গম পাহাড়ি অঞ্চলে উন্নত চোখের চিকিৎসার সুযোগ সীমিত থাকায় সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চিকিৎসা ও ওষুধ নিতে আসা সুবিধাভোগীরা জানান, টাকার অভাবে যারা চোখ দেখাতে পারছিলেন না, তারা বাড়ির কাছে বিনামূল্যে উন্নত চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছেন।
মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি জনপদের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি দুর্গম এলাকার অসহায় মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।