সিডনির বন্ডাই বিচে হামলা: আদালতে আসামির ভার্চুয়াল হাজিরা

সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব উদ্যাপনের সময় গুলি চালিয়ে ১৫ জনকে হত্যার অভিযোগে আটক হওয়া যুবক প্রথমবার আদালতে হাজিরা দিয়েছেন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার নাভিদ আকরাম নামের ২৪ বছর বয়সী ওই যুবক অনলাইনের মাধ্যমে হাজিরা দিয়েছেন।
সোমবার সিডনির একটি আদালতে সংক্ষিপ্ত শুনানিতে নাভিদ গুলবার্ন কারেকশনাল সেন্টার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজিরা দেন।
সিডনির দক্ষিণপশ্চিমে অবস্থিত সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা সমৃদ্ধ এ কারাগারেই নাভিদকে রিমান্ডে রাখা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলীয় গণমাধ্যম।
১৪ ডিসেম্বর বন্ডাই সৈকতে হামলার ঘটনায় ১৫টি হত্যা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৪০ জনকে আহত করা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় মোট ৫৯টি অভিযোগ আনা হয়েছে নাভিদের বিরুদ্ধে।
তিনি ও তার ৫০ বছর বয়সী বাবা সাজিদ মিলে সৈকতে ওই ঘটনা ঘটান বলে অভিযোগ করেছে অস্ট্রেলিয়ার পুলিশের। তবে সাজিদ ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নাভিদ কারাগারের সবুজ পোশাক পরেছিলেন এবং শুনানির বেশিরভাগ সময়ই তিনি নীরবে বসে ছিলেন। হতাহতদের বিস্তারিত তথ্য প্রকাশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা শুনেছিলেন, এটুকু স্বীকার করার সময়ই খানিকটা কথা বলেন তিনি।
আদালতের বাইরে নাভিদের আইনজীবী বেন আর্চবোল্ড বলেন, কারাগারের ‘কঠিন পরিস্থিতির মধ্যেও’ তার মক্কেল ‘যতটা ভালো থাকা যায়, আছেন’।
নাভিদ দোষ স্বীকার করবেন কিনা, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, তার সঙ্গে মক্কেলের এখনও হামলা বিষয়ে বিস্তারিত কথা হয়নি।
‘হামলার বিষয়ে তার সঙ্গে আমি এখনো কথা বলিনি। আপাতত কেবল আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা মামলা সংক্রান্ত কাগজপত্রের জন্য অপেক্ষা করছি, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না,’ বলেন আইনজীবী।
আর্চবোল্ড জানান, তিনি কারাগারে গিয়ে নাভিদের সঙ্গে দেখা করেছেন।
‘তিনি একজন মক্কেল, যার যথাযথ প্রতিনিধি থাকা প্রয়োজন। আমরা আমাদের ব্যক্তিগত মতকে পেশাগত দায়িত্বপালনে বাধা হয়ে দাঁড়াতে দিতে পারি না। মামলাটি মুলতবি হয়েছে, এর চেয়ে বেশি বলার কিছু নেই,’ সাংবাদিকদের এভাবেই বলেছেন আইনজীবী আর্চবোল্ড।
আসছে এপ্রিল মাসে ফের মামলাটি আদালতে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

















