ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে লাব্বাইক পরিবহনের ওই বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের আসনসহ সম্পূর্ণ অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের পরপরই মহাসড়কের জোরপুল এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ‘বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলকর্মীরা আগুন পুরোপুরি নেভানোর আগেই বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। বাসটি ফাঁকা ও পার্ক করা অবস্থায় থাকায় এতে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, লাব্বাইক পরিবহনের ওই বাসটি গত দুই দিন ধরে মহাসড়কের পাশে পার্ক করা ছিল।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা নাশকতার অংশ হিসেবে বাসটিতে আগুন লাগিয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
রাজধানী ও এর আশপাশের এলাকায় সম্প্রতি পার্কিংয়ে থাকা যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর পল্লবী ও বাড্ডা এলাকায় পৃথক ঘটনায় মধুমতী, আলিফ ও বিহঙ্গ পরিবহনের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া চলতি নভেম্বর মাসের শুরুতেও সাভারের গেন্ডা, বলিয়ারপুর ও থানা স্ট্যান্ড এলাকা এবং ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাখা বেশ কয়েকটি যাত্রীবাহী ও পোশাকশ্রমিক বহনকারী বাসে একই কায়দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।