নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে সপরিবারে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার নিজের দুটি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে সব মিলিয়ে ৯ লাখ ৮৮ হাজার ৫৫৬ টাকা (প্রায় ১০ লাখ টাকা) জমা রয়েছে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় তিনি মন্ত্রিপরিষদ বিভাগে সম্পদের বিবরণী জমা দিয়ে এসেছেন। তবে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে তিনি নিজের ও পরিবারের সব ব্যাংক হিসাব জনসমক্ষে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, তার ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টে আছে ৯ হাজার ৯৩০ টাকা এবং উপদেষ্টা থাকাকালীন স্যালারি অ্যাকাউন্টে জমা আছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। দায়িত্ব পালনকালে বেতন-ভাতা বাবদ এই অ্যাকাউন্টে মোট ৮৫ লাখ ৮১ হাজার টাকা লেনদেন হয়েছে।
পরিবারের অন্যান্য সদস্যদের হিসাব তুলে ধরে তিনি জানান, তার বাবার পাঁচটি অ্যাকাউন্টে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা থাকলেও শিক্ষক হিসেবে নেওয়া ঋণের কারণে তিনি এখনো ৮২ হাজার ৩৫ টাকা দেনায় আছেন। এছাড়া তার মায়ের অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা রয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান সাবেক এই উপদেষ্টা।