সাদা বলের দুটি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ শুক্রবার (৫ জুন) বিকেল ৫টা ২৩ মিনিটে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সফরকারীদের প্রথম ভাগের ক্রিকেটাররা। সফরে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।
জানা গেছে, এই ফ্লাইটে বাংলাদেশ সফরের দলে থাকা সব ক্রিকেটার ঢাকায় আসেননি। আরেকটি ফ্লাইটে বাকি ক্রিকেটারদের আসার কথা রয়েছে। আগামী ৯ জুন প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি ওয়ানডে ম্যাচ দুটি মাঠে গড়াবে ১১ এবং ১৪ জুন। ওয়ানডের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ১৯ এবং ২১ জুন; যার ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
পাকিস্তান সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার দুঃস্মৃতি নিয়েই বাংলাদেশে এসেছে জস ইংলিশের দল। গতকাল সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ৪ উইকেটে হেরে যাওয়ার কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের বিমান ধরে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। এই তালিকায় আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসরা। তবে ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন লিয়াম স্কট, যিনি টি-টোয়েন্টিতেও অভিষেকের অপেক্ষায় আছেন।