চলতি বছরের প্রথম সাত মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছে ১,৯৮৭ টি। এছাড়াও ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের নিকট হস্তান্তর করা হয়েছে দুই কোটি টাকা। গত সাত মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মোট ২,২৭৬ টি আবেদন দাখিল করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় এই তথ্য জানান চিফ লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোঃ আবু সাঈদ। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী খোন্দকার।
সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের স্পেশাল মেডিয়েটর (অবসরপ্রপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ) ওবায়দুল হামিদ মোহাম্মদ ইলিয়াস হোসাইন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মাইনুদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, চাঁপাইনববাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল ওদুদ।
সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী খোন্দকার জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, মামলা জট নিরসনে লিগ্যাল এইড অফিস অসাধারণ ভূমিকা পালন করছে। লিগ্যাল এইড অফিসের কার্যক্রমকে আরও বেগবান করতে তিনি সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান।
লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত আদালতে দায়ের করা মোট ৩৪৩ টি মামলায় আইনগত সহায়তা দিয়েছে জেলা লিগ্যাল এইড অফিস এবং সম্পূর্ণ বিনা খরচে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ১,৪৭২ জন বিচারপ্রার্থীকে।
আইনগত সহায়তা সেবা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত সাত মাসে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ২৫টি সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সরেজমিনে নালিশী জমি পরিদর্শনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে অসংখ্য বিরোধ। এছাড়াও চলতি বছরে জেলা লিগ্যাল এইড কমিটি উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬।
এর আগে ২০২৪ সালে বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছিল ২০৬টি বিরোধ এবং আবেদন দাখিল হয়েছিল ২৩৯টি। ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বর্তমান লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ লিগ্যাল এইড অফিসে যোগদানের পর সরেজমিনে নালিশী জমি পরিদর্শন করে বিরোধ নিষ্পত্তি ও তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে। এ বছর বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বেড়ে দাঁড়ায় ৮০০ তে, আবেদন দাখিল হয় ১,০০০ টি।
এ বছরের জুলাই মাস পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস সারাদেশের ৬৪টি জেলার মধ্যে মামলা নিষ্পত্তি ও আবেদন দাখিলের দিক থেকে ৫ম স্থানে রয়েছে। আর সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সভায় জেলা লিগ্যাল এইড অফিসের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।