সহিংসতাকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরের সালথায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাঁর অবস্থান অত্যন্ত কঠোর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে শামা ওবায়েদ বলেন, “প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা আমাদের কাম্য নয়। হামলা ও সহিংসতাকারীদের বিরুদ্ধে আমার অবস্থান অত্যন্ত কঠোর। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে, আপনারা সবাই প্রশাসনকে সহযোগিতা করুন।”
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় কোনো সংঘাত সহ্য করা হবে না। আজ যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া এবং বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
এর আগে শুক্রবার দুপুরেও সালথার রামকান্তপুর গ্রামে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে, যাতে অন্তত ১১ জন আহত হন। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

















