অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা এবং বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ দুটি পৃথক বিষয়।
বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। দেশে ফেরার জন্য ভ্রমণসংক্রান্ত নথি এবং বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি।
তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারেই অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
জয়সওয়াল আরও বলেন, কোনো ব্যক্তির স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়। এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ ছাড়া তার দেশে ফেরার সুযোগ নেই।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী ২৪ নভেম্বর জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন।
বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলনে দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।