শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (৪ মার্চ) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি জানান, যেহেতু তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তাই তাকে ফিরিয়ে আনা এখন একটি আইনগত প্রক্রিয়ার বিষয় এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত বছরের ১৭ নভেম্বর আদালত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বর্তমানে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

















