শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপাচার্য সশরীরে উপস্থিত হয়ে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন জারি করা না হলেও, পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার পর পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ের সংকটকালীন পরিস্থিতি এখন কেটে গেছে। তিনি বলেন, “আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন ভালো পর্যায়ে রয়েছে। আমি এখন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।”
পদত্যাগের পেছনে পেশাদারত্বের পাশাপাশি রাজনৈতিক শিষ্টাচারের বিষয়টিও উল্লেখ করেন তিনি। তিনি জানান, বর্তমান রাজনৈতিক সরকার যাতে তাদের পছন্দমতো ও নতুন লক্ষ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে, সেই সুযোগ করে দিতেই তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য কে হচ্ছেন, তা নিয়ে এখন শিক্ষা অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

















