চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মাদ্রাসার সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ মে) বেলা পৌনে ১১টার দিকে চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মাওলানা আবুল কাশেম (৫২) স্থানীয় চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার এবং ওই এলাকার বাসিন্দা ছিলেন। এই সংঘর্ষের ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এই সংঘর্ষ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কথা বলার সময় পেছন থেকে অতর্কিতভাবে মাওলানা আবুল কাশেমের ওপর হামলা চালানো হয়। হাতাহাতির একপর্যায়ে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এজাজুল ইসলাম শিহাব জানান, মারামারির ঘটনায় মোট চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। আবুল কাশেম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আহতদের মধ্যে সখিনা খাতুনকে (৫৫) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও মো. হারুন রশিদ (৪০) ও শাহ আলমকে (৩৭) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামছুল ইসলাম নামে একজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে।