লেবাননের মাইফাদুন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার কলারোয়ার প্রবাসী যুবক শুভ দাস (২৫)।
সোমবার রাতের এই হামলায় শুভর মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংসারের অভাব ঘোচাতে তিন বছর আগে নিজের একমাত্র বসতভিটা বিক্রি করে এবং চড়া সুদে ঋণ নিয়ে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন বাবা সুরঞ্জন দাস।
বুধবার বিকেলে শ্রীপতিপুর গ্রামে শুভর ভাড়া বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। জরাজীর্ণ ঘরের বারান্দায় মা শিখা দাস ডুকরে কাঁদছেন, আর বাকরুদ্ধ বাবা সুরঞ্জন দাস নির্বাক হয়ে বসে আছেন। প্রতিবেশী ও স্বজনদের ভিড়ে ভারী হয়ে উঠেছে চারপাশ। শুভ প্রতি মাসে যে টাকা পাঠাতেন, তা দিয়েই ঋণের কিস্তি এবং ছোট ভাই-বোনের পড়াশোনা চলত।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম জানান, শুভর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সরকারিভাবে আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল জানিয়েছেন, মরদেহ ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে ঋণের বোঝা আর প্রিয়জনকে হারানোর শোকে পরিবারটি সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে পড়েছে।