শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে বার্সা। ম্যাচের ২৮তম, ৩৭তম ও ৬৯তম মিনিটে প্রতিপক্ষের জাল হানা দেয় তরুণ তুর্কী ইয়ামালের শট।
এরমধ্য দিয়ে ১৮ বছর ২৩০ দিন বয়সে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেছেন ইয়ামাল। প্রথমার্ধে দুবার জালে বড় জড়ানো লামিন ইয়ামাল দ্বিতীয়ার্ধে আরও একবার লক্ষ্যভেদ করেন।
এই শতাব্দীতে লা লিগায় হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সী ফুটবলার তিনি। একুশ শতকে ইয়ামালের চেয়ে কম বয়সে লা লিগায় হ্যাটট্রিকের কীর্তি নেই আর কারও। আগের রেকর্ডটি ছিল মেক্সিকান ফরোয়ার্ড জিওভান্নি দস সান্তোসের দখলে। তিনি বার্সার হয়েই ২০০৮ সালে রিয়াল মুর্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। সেসময় তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনা। তিনি ২০১৫ সালে সেল্তা ভিগোর হয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেছিলেন ১৯ বছর ১২৫ দিন বয়সে।
লা লিগায় হ্যাটট্রিক করা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় ইয়ামাল। আগের দুটি নজির দেখা গিয়েছিল গত শতাব্দীতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তালিকার চূড়ায় থাকা অ্যাথলেতিক বিলবাওয়ের হোসে ইরারাগোরি ১৯৩০ সালে ১৭ বছর ৩৩৭ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন। আর রেসিং সান্তান্দারের পোম্বো ১৮ বছর ২০০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন ১৯৩৪ সালে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ২৮তম মিনিটে ফারমিন লোপেজের পাস থেকে প্রথম গোল করেন ইয়ামাল। নয় মিনিট পর ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে পাশ কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল পাঠান জালে। তারপর ৬৯তম মিনিটে পেদ্রির বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তারকা।
ইয়ামালের ছন্দে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেছে। ২৬ ম্যাচে বার্সার অর্জন ৬৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়ালের নামের পাশে রয়েছে ৬০ পয়েন্ট।
বয়সের হিসাবে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে আগে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ইয়ামাল। আর্জেন্টাইন মেসি বার্সার হয়ে লা লিগায় ২০০৭ সালে হ্যাটট্রিক করেছিলেন ১৯ বছর ৮ মাস ১৪ দিন বয়সে, প্রতিপক্ষ ছিল রিয়াল। আর পর্তুগিজ রোনালদো প্রিমিয়ার লিগে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ২২ বছর ১১ মাস ৭ দিন বয়সে।