
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণা করেন। তিনি বলেন, ‘আদালত সম্পূর্ণভাবে নিশ্চিত যে, মিয়ানমার গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে। দেশটিতে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হয়েছিল।’
রাষ্ট্রীয় পর্যায়ে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে এ রায়কে আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলার ক্ষেত্রেও রায়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।
২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা এসব মানুষের কাছ থেকে হত্যা, ধর্ষণ, নারী ও শিশুদের ওপর নির্যাতন এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বিবরণ পাওয়া যায়।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর অভিযান চলাকালে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও শিশুদের ওপর নৃশংস নির্যাতন চালানো হয়। নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার বেসামরিক রোহিঙ্গা নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আদালত।
মামলায় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার যে হিসাব উপস্থাপন করা হয়েছে, সাক্ষ্যপ্রমাণে তার সমর্থন পাওয়া গেছে। এ ছাড়া ধর্ষণসহ নানা ধরনের যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারীদের ওপর হামলার ঘটনাও উঠে এসেছে।
গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে যৌন সহিংসতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তদন্তকারীদের মতে, রোহিঙ্গা নারীদের পরিকল্পিতভাবে দলবদ্ধ ধর্ষণ এবং যৌনাঙ্গে আঘাত করার ঘটনাগুলো তাদের প্রজননক্ষমতা নষ্ট করার উদ্দেশ্যে চালানো হয়েছিল।
১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে নির্দিষ্ট অপরাধ সংঘটিত হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে হত্যাকাণ্ডের পাশাপাশি জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপও অন্তর্ভুক্ত।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের মাধ্যমে মিয়ানমার জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে, এমন অভিযোগ আনে দেশটি।
গাম্বিয়ার অভিযোগে বলা হয়, রাখাইনে সামরিক অভিযান ছিল রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। এ সময় হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ধরনের নৃশংসতা চালানো হয়। এমনকি প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালানো এবং তাদের ফেরার পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ আনা হয়।
মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা। গত জানুয়ারিতে কক্সবাজারের শরণার্থীশিবির থেকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হেগে গিয়ে আদালতে তাদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিবরণ দেন।
বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। অন্যদিকে মিয়ানমারে ছয় লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হয়।
২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা রাখাইনের তুলি গ্রামে সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহ বিবরণও দিয়েছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, সেখানে সাধারণ মানুষকে গুলি করে হত্যা, গণকবর তৈরি এবং শিশুদের নদীতে ডুবিয়ে মারার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে স্যাটেলাইট চিত্রেও গ্রামটি পুড়িয়ে দেওয়ার আলামত পাওয়া যায়।
আদালতে গাম্বিয়ার তৎকালীন বিচারমন্ত্রী দাওদা জালো বলেন, এই মামলা আন্তর্জাতিক আইনের জটিল কোনো তাত্ত্বিক বিষয় নিয়ে নয়। এটি বাস্তব মানুষ, তাদের জীবনের অভিজ্ঞতা এবং একটি জনগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্ন।
তিনি বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গারা। তাদের ধ্বংস করার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।’
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে মিয়ানমার। দেশটির বক্তব্য, ২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনীর অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান।
তবে সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে আদালত মিয়ানমারের এই বক্তব্যের বিপরীতে গণহত্যার দায় নির্ধারণ করেছেন।
২০১৬-১৭ সালের অভিযানের সময় মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন মিন অং হ্লাইং। ২০২১ সালে তিনি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের কাজের মধ্যে পার্থক্য রয়েছে। আইসিজে রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে, অন্যদিকে আইসিসি ব্যক্তির অপরাধের বিচার করে।
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের এই রায় আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন গুরুত্ব তৈরি করেছে। বিশেষ করে গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলার ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে বিবেচিত হতে পারে।
ইসরাইল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও মিয়ানমারের মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করেছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং কয়েকজন গণহত্যা বিশেষজ্ঞ গাজায় ইসরাইলের কর্মকাণ্ডে গণহত্যার উপাদান থাকার কথা বলেছেন। যদিও ইসরাইল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
এর আগে বলকান যুদ্ধের নৃশংসতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা হলেও কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী করার নজির ছিল না। তবে বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেছিল আদালত।
এ ছাড়া কম্বোডিয়ায় খেমার রুজের শাসনামলে হত্যাযজ্ঞ এবং ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত গণহত্যার মতো ঘটনাগুলো আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ নজির হয়ে রয়েছে।
আইসিজের রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো শক্তিশালী প্রয়োগকারী বাহিনী নেই। তবে এ ধরনের রায়ের কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রভাব রয়েছে। রায়ের ভিত্তিতে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হতে পারে।