রোজার ঈদের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমানেল মাসউদ। রোববার (১ মার্চ) দুপুরে নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচন কমিশনার জানান, কমিশনের চলমান উপনির্বাচনগুলো নিয়ে ইসি অত্যন্ত তৎপর রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বজায় থাকবে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। বিষয়টি বর্তমানে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং সংসদ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরেই কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই নির্বাচনগুলো সুষ্ঠু ও সফল হয়েছে। তবে নির্বাচনের কোনো ক্ষেত্রে কোনো ধরণের ঘাটতি ছিল কি না, তা কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিচ্ছে।
অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে কমিশনার আবদুর রহমানেল মাসউদ বলেন, নির্বাচন কমিশনের কাজের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।