সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার ভোরে এ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র নিন্দা জানিয়ে খুব শিগগির বড় ধরনের ‘পাল্টা পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করেছে। তারা বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে দূতাবাস ভবনে ‘সামান্য অগ্নিকাণ্ড ও সাধারণ ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
হামলার পরপরই সৌদি আরবে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থানরত তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলের যেকোনও সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনাগুলোয় এখন সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের সাংবাদিক কেলি মেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এ হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে, তা ‘আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন’।
ট্রাম্প স্পষ্ট করেছেন- যুক্তরাষ্ট্র এ হামলার ঘটনায় চুপ করে থাকবে না এবং খুব শিগগির বড় ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য।