রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ওই কর্মকর্তার নাম মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির সিএমপি পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতারে অভিযান চালায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটির তদন্ত কার্যক্রম ও পাশাপাশি বিভাগীয় অনুসন্ধান চলমান রয়েছে।
পুলিশ জানায়, জাহাংগীর আলম তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করতেন। তার বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ সংবেদনশীল তথ্য পাচার এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
এর আগে প্রাথমিক তথ্যের ভিত্তিতে গত ১০ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তাকে জিজ্ঞাসাবাদ করেন। সে সময় তার ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ফরেনসিক প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়। এরপর শনিবার রাতে আরআরএফ-এর সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন।