রাজীব শুক্লা জানালেন আইসিসির অবস্থানের সাথে একমত ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্তকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, তাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা আজ স্পষ্ট করেছেন যে, এ বিষয়ে আইসিসি যে শক্ত অবস্থান নিয়েছে, তার সঙ্গে ভারতীয় বোর্ড একাত্ম।
আজ টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, “আইসিসি একটি বড় বিবৃতি দিয়েছে। তারা খেলোয়াড়সুলভ আচরণ ও টুর্নামেন্টের মর্যাদার কথা বলেছে। আমরা আইসিসির এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত। তবে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক আলোচনা না হওয়া পর্যন্ত বিসিসিআই এ বিষয়ে নিজে থেকে কোনো মন্তব্য করবে না।”
ঘটনার সূত্রপাত হয় গতকাল, যখন পাকিস্তান সরকার ঘোষণা করে যে তারা তাদের ক্রিকেট দলকে বিশ্বকাপে পাঠানোর অনুমতি দিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ নিতে দেবে না। নির্দিষ্ট একটি ম্যাচ বয়কট করার এই সিদ্ধান্তকে আইসিসি ‘খেলার মূল চেতনার পরিপন্থী’ হিসেবে আখ্যায়িত করেছে। আইসিসি মনে করিয়ে দিয়েছে যে, বৈশ্বিক কোনো টুর্নামেন্টে দলগুলোর এমন ‘বেছে বেছে’ ম্যাচ খেলার সুযোগ নেই।
পাকিস্তান সরকার কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তার কোনো স্পষ্ট কারণ এখনো জানায়নি। তবে আইসিসি এই সিদ্ধান্তকে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের জন্য হতাশাজনক বলে উল্লেখ করেছে। সংস্থাটি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছে এবং একটি সম্মানজনক সমাধানের জন্য পিসিবিকে অনুরোধ জানিয়েছে।
বিসিসিআই আপাতত এই ইস্যুতে সরাসরি কোনো দ্বিপাক্ষিক বিতর্কে না জড়িয়ে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপরই পূর্ণ আস্থা রাখছে। এখন দেখার বিষয়, আইসিসির চাপের মুখে পাকিস্তান তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনে কি না।


















