রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ নয়াপাড়া গ্রামে কারাবন্দি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বাড়িতে গভীর রাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ তাণ্ডব চালানো হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা বাড়ির ফটক ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগমসহ পরিবারের তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ভাঙচুর চালিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও একটি মোটরসাইকেল ও আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে যায়।
এদিকে, বুধবার সকালে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, ইউএনও লিয়াকত সালমান ও ওসি ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি ফরিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত ছাড়া এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।