রাজশাহীর পদ্মা নদীতে নোঙর করে রাখা সোনার তরী নামের পর্যটকবাহী হাউসবোটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অবাধে সেখানে যাতায়াতের সুযোগ তৈরি করে দিচ্ছিল হাউসবোট কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে হাউসবোটটিতে পর্যটনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল।
বুধবার নৌপুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ সেখানে যৌথ অভিযান চালিয়েছে। অভিযানকালে কর্মকর্তারা হাউসবোট সংশ্লিষ্টদের কাছে বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। হাউসবোটটির চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। এছাড়াও প্রয়োজনীয় সকল কাগজপত্রের মেয়াদও উত্তীর্ণ হয়েছে।
অভিযান প্রসঙ্গে নৌপুলিশ পরিদর্শক বিকাশ মন্ডল বলেন, ‘পর্যটনের নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা নিয়মবহির্ভূত ব্যবসা চালাতে দেওয়া হবে না। বৈধ নথিপত্র দেখাতে না পারায় আপাতত হাউসবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজ পেশ করা ও সার্বিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ সুলতানগঞ্জ বন্দর কর্মকর্তা দীনেশ সাহা জানান, ড্রাইভারের লাইসেন্স না থাকা এবং হাউসবোটের সকল কাগজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আপাতত তা চলাচল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন সংক্রান্ত সকল হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র বিআইডব্লিউটিএ-তে প্রদর্শন করার পর অনুমতি পেলেই পুনরায় হাউসবোট চালানো সম্ভব হবে।
বাণিজ্যিক উদ্দেশ্যে হাউসবোটে বিভিন্ন প্যাকেজ অফার করা হতো। এরমধ্যে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাবলিক প্যাকেজে ৮০০ টাকা ও ফ্যামিলি প্যাকেজে ১৮০০ টাকা এবং সারাদিন (সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত) পাবলিক প্যাকেজে ১৮০০ টাকা ও ফ্যামিলি প্যাকেজে ৩০০০ টাকা ভাড়া নেওয়া হতো।
এসব প্যাকেজের সুযোগ নিয়ে চুক্তিভিত্তিক অর্থের বিনিময়ে তরুণ-তরুণীদের অবস্থান ও অসামাজিক কর্মকাণ্ডের সুবিধা দিত হাউসবোট পরিচালনাকারীরা।