দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন কোনোভাবেই শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়- সে বিষয়ে শিক্ষকদের সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে।
শনিবার সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মিলনে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন।
অধ্যক্ষদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তাঁর মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে। তাই শিক্ষাঙ্গনে সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অধ্যক্ষদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উচ্চশিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, কেবল সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ালে দেশের বেকারত্ব সমস্যার সমাধান হবে না। প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষাব্যবস্থার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক, গবেষণামূলক এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সমন্বয় গড়ে তোলা এবং শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের তরুণদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ভাষা শিক্ষার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ কলেজ পর্যায়ে তৈরি করতে হবে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহারের সঙ্গে সঙ্গে সাহিত্য, দর্শন, ইতিহাস ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক গুণাবলী, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর আহ্বান জানান তিনি।
কলেজগুলোর শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে সমন্বিতভাবে কাজ করার কথা বলেন তিনি। এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ইতিবাচক ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান তিনি।
সম্মিলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন বক্তব্য রাখেন।