রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এই নতুন সূচির কথা জানান। তিনি উল্লেখ করেন, রমজানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য জরুরি সেবামূলক সংস্থাগুলো তাদের নিজস্ব প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনা করে আলাদা সময়সূচি নির্ধারণ করতে পারবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের পর এখন নিয়মানুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। প্রতি বছরই রমজান মাসে ইফতারের প্রস্তুতি ও ট্রাফিক জ্যামের কথা মাথায় রেখে সরকারি অফিসের সময় কমিয়ে আনা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

















